আখাউড়া স্থলবন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ
- আপলোড সময় : ০৭:১৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ২০৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগামী শনিবার (১৫ আগস্ট) ও রোববার (১৬ আগস্ট) আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে পণ্য গ্রহণ করবেন না, ফলে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। রোববার ভারতে সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় সেদিনও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নেসার উদ্দিন ভূইয়া জানান, ভারতীয় ব্যবসায়ীরা আগেই শনিবার আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি জানিয়ে দিয়েছেন। এ কারণে ব্যবসায়িক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে শুক্রবার অতিরিক্ত পণ্য পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, তবে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দেশের অন্যতম রপ্তানিমুখী স্থলবন্দর। সম্প্রতি ভারত কিছু বাংলাদেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় বন্দরটির বাণিজ্যিক কার্যক্রমে এর প্রভাব পড়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, দ্রুত এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে।

























