বাসে বাড়তি ভাড়া আদায়, সরকারী প্রজ্ঞাপনের আগেই শুরু
- আপলোড সময় : ০২:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
২০ সেপ্টেম্বর রাতে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর থেকেই বাসভাড়া বাড়ানোর দাবি উঠেছে। যদিও সরকার এখনও বাসভাড়া বাড়ানোর ঘোষণা দেয়নি, তবুও কিছু জায়গায় বাড়তি ভাড়া আদায় শুরু হয়েছে।
গতকাল সোমবার থেকে নতুন জ্বালানি তেলের দাম কার্যকর হয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বাসভাড়া পুনর্র্নিধারণের দাবি জানিয়ে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠক করেছে।
বৈঠকে দূরপাল্লার বাস ও মহানগরের বাসের জন্য কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আন্তঃজেলা বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা এবং নগর বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭৩ পয়সা হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কর্মকর্তারা জানান, বাস পরিচালনার ব্যয়ের একটি বড় অংশ জ্বালানি। ডিজেলের দাম বাড়লে বাসের পরিচালন ব্যয়ও বাড়বে। তবে তারা উল্লেখ করেন, বাসের মোট ব্যয় শুধু ডিজেলের ওপর নির্ভর করে না, চালক-শ্রমিকের বেতন, মেরামত, টায়ার, কর ও অন্যান্য খরচও বিবেচনায় রাখতে হয়।
অন্যদিকে, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানিয়েছে। তাদের মতে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন নিম্নমুখী, তাই সরকারের উচিত তেলের দাম না বাড়িয়ে জ্বালানি খাতে ভর্তুকি দেওয়া।





















