ইউক্রেনের শর্তে আলোচনা নয়: পুতিনের স্পষ্ট বার্তা
- আপলোড সময় : ০৬:৫৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেন যতই হামলা জোরদার করুক, তাদের শর্তে রাশিয়া কোনো আলোচনায় বসবে না। তিনি রোববার (২৮ জুন) রাশিয়ান টেলিভিশন চ্যানেল রাশিয়া ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
পুতিন বলেন, কিয়েভের যেকোনো প্রচেষ্টাই রুশ সেনাবাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে পারবে না এবং মস্কো এসব চেষ্টাকে সফল হতে দেবে না। তিনি অভিযোগ করেন, ইউক্রেন রাশিয়ার বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়ে দিয়েছে, যা রুশ সমাজে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে।
সাক্ষাৎকারে পুতিন জানান, ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে রাশিয়া প্রস্তুত। তবে কিয়েভের সঙ্গে সরাসরি আলোচনা চালানোর ক্ষেত্রে কোনো আপত্তি নেই, তবে আলোচনার টেবিলে কিয়েভকে কোনো সুবিধা দেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি।
পুতিন বলেন, বেসামরিক অবকাঠামোয় হামলা তথ্যযুদ্ধের অংশ। তাদের প্রচেষ্টা রাশিয়ানদের মধ্যে বিভক্তি তৈরি করতে চায়, কিন্তু এসব প্রচেষ্টা রাশিয়ার লক্ষ্য অর্জনে বাধা দিতে পারবে না।
এভাবে পুতিন আবারও স্পষ্ট করেছেন যে, রাশিয়া যুদ্ধক্ষেত্রে যা অর্জন করছে, তা আলোচনার টেবিলে ছাড় দেবে না।

























