লেবানন ইসরাইল সীমান্তে সেনা মোতায়েনের ঘোষণা
- আপলোড সময় : ১২:৩৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, পুরো ভূখণ্ডে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে ইসরাইল সীমান্ত পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করা হবে। তিনি এ কথা মার্কিন সামরিক বাহিনীর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠকে বলেন।
বৈঠকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তি নিয়ে আলোচনা হয়। অ্যাডমিরাল কুপার লেবাননের সেনাপ্রধান রডলফ হাইকালের সঙ্গেও বৈঠক করেন, যেখানে দেশটির পাশাপাশি পুরো অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
চুক্তির অনুযায়ী, হিজবুল্লাহকে নিরস্ত্র করার দায়িত্ব লেবাননের সেনাবাহিনীর ওপর ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে, ইসরাইলের নেতারা জানিয়েছেন, তাদের সেনারা দক্ষিণ লেবাননের অবস্থান ছেড়ে যাবে না এবং সেখানে মোতায়েন অব্যাহত রাখবে।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, লেবাননের কোনো ভূখণ্ড দখলের উচ্চাকাঙ্ক্ষা ইসরাইলের নেই, তবে হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরাইলি সেনারা এক মিলিমিটারও সরবে না। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধানের লেবানন সফরের দিনই কাটজ এ মন্তব্য করেন।
























