ঝালকাঠির যুবলীগ নেতা ডাকাতির অভিযোগে আটক
- আপলোড সময় : ০৫:০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ২২৪ বার পড়া হয়েছে
ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলামকে ডাকাতির অভিযোগে আটক করেছে র্যাব।
শনিবার (২৫ জুলাই) রাতে রাজধানীর আজিমপুর এলাকা থেকে র্যাব-৮-এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে ঝালকাঠি সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ঝালকাঠিতে সংঘটিত একটি ডাকাতির ঘটনায় যুবলীগ নেতার সম্পৃক্ততার অভিযোগ উঠে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে ঢাকা থেকে আটক করা হয়। ঘটনার সঙ্গে তার প্রাথমিক সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাকে আটক করা হয়েছে। তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না তা গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।






















