ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার
- আপলোড সময় : ১০:০০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ২০৬ বার পড়া হয়েছে
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে বেইলি নামের একটি পোষ্য কুকুর অলৌকিকভাবে উদ্ধার করা হয়েছে। প্রায় এক মাস ধরে খাবার ও পানি ছাড়াই কংক্রিটের খাঁচায় বন্দি থাকা এই কুকুরটির বেঁচে ফেরা নিয়ে বিস্ময় ও উল্লাস চলছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারীরা গত সপ্তাহে বেইলিকে খুঁজে পান। কুকুরটির এই অবিশ্বাস্য বেঁচে ফেরাকে জরুরি উদ্ধারকর্মী এবং ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা ‘অলৌকিক’ বলেই অভিহিত করেছেন।
গত জুনের শেষ সপ্তাহে ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে, যার ফলে অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় এবং প্রায় পাঁচ হাজার মানুষ প্রাণ হারান।
উদ্ধারকর্মীরা জানান, কুকুরটিকে ধুলোয় ঢাকা অবস্থায় তার মালিকের মৃত মায়ের লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখা যায়। চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘ ২৯ দিন কষ্টের মধ্য দিয়ে গেলেও বর্তমানে বেইলি স্থিতিশীল রয়েছে এবং দ্রুত সুস্থ হয়ে উঠছে।
মিরনা নামের এক পশুচিকিৎসক বলেন, ‘এটা সত্যিই একটা অলৌকিক ঘটনা। তার চোখে কিছু ঘা হয়েছে, কিন্তু সে শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।’ উদ্ধারকর্মীরা বেইলিকে পানি দেন এবং জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রদান করেন।


























