ইউটিউবের নতুন নীতিমালায় কনটেন্ট নির্মাতাদের জন্য চ্যালেঞ্জ
- আপলোড সময় : ০২:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি অডিও, ছবি ও ভিডিওর ব্যবহার বৃদ্ধি পাওয়ায় নতুন নীতিমালা ঘোষণা করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব।
নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট ধরনের এআই-নির্ভর ভিডিও ইউটিউব পার্টনার প্রগ্রামের (YPP) মাধ্যমে আয় করার সুযোগ হারাচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্ল্যাটফরমে নিম্নমানের, পুনরাবৃত্তিমূলক ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধ এবং মৌলিক ও মানসম্মত ভিডিওকে উৎসাহিত করতেই এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ইউটিউবের নতুন নীতিমালায় তিন ধরনের ভিডিওকে ‘ইন-অথেনটিক (অপ্রামাণ্য) কনটেন্ট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে একই ধরনের বা বারবার পুনরাবৃত্তি করা এআই-নির্ভর ভিডিও, দর্শকদের আবেগ বিভ্রান্ত বা প্রভাবিত করার উদ্দেশ্যে তৈরি কনটেন্ট এবং স্বাস্থ্য, চিকিৎসা, অর্থনীতি কিংবা আইনি পরামর্শের মতো সংবেদনশীল বিষয়ের জন্য মানবসদৃশ এআই চরিত্র ব্যবহার করে তৈরি ভিডিও।
ইউটিউব জানায়, সাম্প্রতিক সময়ে এআই-এর সহযোগিতায় অসংখ্য নিম্নমানের ভিডিও তৈরি ও প্রকাশের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এতে প্ল্যাটফরমের মান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দর্শকের অভিজ্ঞতা ও বিজ্ঞাপনদাতাদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
তবে ইউটিউব এআই দিয়ে তৈরি সব ধরনের ভিডিও নিষিদ্ধ করেনি। মৌলিক, তথ্যসমৃদ্ধ এবং ইউটিউবের নীতিমালা অনুসরণ করে যেসব ভিডিও তৈরি করা হবে, সেগুলো আগের মতোই মনিটাইজেশনের আওতাধীন থাকতে পারে। নতুন এই সিদ্ধান্তের ফলে নির্মাতাদের ভিডিও তৈরি ও প্রকাশের ক্ষেত্রে আরো সতর্ক থাকতে হবে এবং তাদের মৌলিকতা ও তথ্যের নির্ভুলতার ওপর বেশি গুরুত্ব দিতে হবে।

























