হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলার দাবি
- আপলোড সময় : ০৫:১৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
হরমুজ প্রণালী পার হওয়ার সময় দুটি তেলবাহী ট্যাঙ্কার হামলার পর থামিয়ে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। অন্যদিকে, সতর্কবার্তা পেয়ে অন্য চারটি ট্যাঙ্কার ফিরে গেছে। আইআরজিসির অভিযোগ, অননুমোদিত পথ ব্যবহারের চেষ্টার মাধ্যমে ট্যাঙ্কারগুলো তেহরানের প্রটোকল বা নিয়মকানুন ‘লঙ্ঘন’ করছিল।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার (৩১ জুলাই) ভোরের দিকে এই ঘটনাটি ঘটে। তখন মার্কিন বিমান পাহারায় থাকা দুটি ট্যাঙ্কার ইরানের অঘোষিত রুট হিসেবে ব্যবহার চলাচল করছিল। ট্যাঙ্কারগুলো ইরানের সতর্কবার্তা উপেক্ষা করেছিল বলে অভিযোগ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ওই দুটি ট্যাঙ্কারকে আঘাত করে থামানো হয় এবং অন্য চারটি দ্রুত তাদের গতিপথ পরিবর্তন করে আগের অবস্থানে ফিরে যায়। আইআরজিসি জানায়, গত রাতে সেন্টকমের মিথ্যা বিবৃতির জবাবে তারা সমস্ত শিপিং ও বীমা কোম্পানির মালিকদের জানিয়েছে, যেন তারা সেন্টকমের বিবৃতির প্রতি কোনো গুরুত্ব না দেন।
এর আগে বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, নিয়মকানুন পুরোপুরি মেনে চলা নিশ্চিত করতে তারা ২৪টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করিয়েছিল। সেন্টকমের দাবি, বেসামরিক নাবিক ও কর্মীদের জন্য প্রধান হুমকি হলো আইআরজিসির কার্যকলাপ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েছে।
ইরানের সম্প্রচারমাধ্যম আইআরআইবি-র মাধ্যমে প্রকাশিত পরবর্তী এক বিবৃতিতে আইআরজিসি জোর দিয়ে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার জন্য জাহাজগুলোকে অবশ্যই ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি, আলজাজিরা।






















