আসামে ভয়াবহ বন্যা, ২২ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত
- আপলোড সময় : ১১:০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
ভারত ও অরুণাচল প্রদেশে টানা ভারী বৃষ্টিপাতের ফলে আসামে তীব্র বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজ্যের অন্তত ছয়টি জেলায় ২২,১২৪ জন মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন, যা গতকাল রবিবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্বারা জানানো হয়েছে।
ব্রহ্মপুত্র নদ ও এর উপনদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে। ধেমাজি, নলবাড়ি, ডিব্রুগড়, চিরাং, লখিমপুর ও কোকড়াঝাড় জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ধেমাজি জেলায় ১৫,৪৮৩ জন মানুষ চরম দুর্দশায় রয়েছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ৯৬টি গ্রাম তলিয়ে গেছে এবং ১,৬৯০ হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। প্রায় ৪৮,১৯৯টি গবাদি পশু ও প্রাণীও ক্ষতিগ্রস্ত হয়েছে। শিবসাগর জেলার নাঙ্গলামুরাঘাটে দিসাং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ধেমাজি জেলায় শিমেন নদীর ওপর একটি রেলসেতু আংশিক ধসে পড়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জানিয়েছে, ১১০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের ফলে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে যাত্রীদের জন্য এবং হেল্প ডেস্ক খোলা হয়েছে স্টেশনগুলোতে। এনএফ রেলওয়ে কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
























