উখিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও পাচার রোধে কঠোর পদক্ষেপ
- আপলোড সময় : ০৫:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ২২৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল ফজল, সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া থানার ওসি (তদন্ত) কামাল উদ্দিন, এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
সভায় মাদকদ্রব্যের বিস্তার, সীমান্তপথে চোরাচালান, অপহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, মানবপাচার, এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে করণীয় বিষয়ে আলোচনা হয়। বক্তারা প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি মাদক ও পাচার, চোরাচালান, মানবপাচার, এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রয়োজনে বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও জানান তিনি।

























