লস অ্যাঞ্জেলেসে উদ্বোধন হলো নাইট রাইডার্সের নতুন ক্রিকেট স্টেডিয়াম
- আপলোড সময় : ০৬:১৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
শাহরুখ খানের মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করে ইতিহাস গড়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’ উদ্বোধন করা হয়, যেখানে প্রথমবারের মতো মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের প্রতিপক্ষ ছিল ওয়াশিংটন ফ্রিডম।
শাহরুখ খান উদ্বোধন অনুষ্ঠানে বলেন, “যা একসময় স্বপ্ন ছিল, আজ তা বাস্তবে পরিণত হয়েছে। ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।” তিনি আরও উল্লেখ করেন, স্টেডিয়ামটি শুধু একটি খেলার মাঠ নয়, বরং পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর একটি জায়গা হিসেবে গড়ে উঠবে।
নতুন স্টেডিয়ামটি আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত হয়েছে, যেখানে রয়েছে আটটি ম্যাচ উইকেট এবং আইসিসি অনুমোদিত মাঠের পরিমাপ। ১২০ ফুট উঁচু ছয়টি ফ্লাডলাইট টাওয়ারও স্থাপন করা হয়েছে। নির্মাণকাজে ৩২ হাজার মেট্রিক টনেরও বেশি মাটি অপসারণ করা হয়েছে।
নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেঙ্কি মাইসোর বলেন, “এটি শুধু একটি স্টেডিয়াম নয়, ক্রিকেটের ভবিষ্যতের প্রতীক।” উদ্বোধনী ম্যাচে সাবেক এনবিএ তারকা মেটা ওয়ার্ল্ড পিস প্রথম বল করেন, যা যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
১ থেকে ৫ জুলাই পর্যন্ত এই মাঠে মেজর লিগ ক্রিকেটের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে। নাইট রাইডার্স গ্রুপের অধীনে বর্তমানে কলকাতা নাইট রাইডার্স, ত্রিনবাগো নাইট রাইডার্স, আবুধাবি নাইট রাইডার্স এবং লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স রয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি এখন পর্যন্ত নয়টি বড় শিরোপা জিতেছে।























