আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়ের তারিখ ঘোষণা
- আপলোড সময় : ০১:২৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
বলিউড অভিনেতা আমির খান আগামী ৫ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন। মুম্বাইয়ে তার বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) মুম্বাইয়ে ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৬১ বছর বয়সী আমির খান এই খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, “হ্যাঁ, ৫ জুলাই আমাদের বিয়ে। এটি খুবই ছোট পরিসরের পারিবারিক আয়োজন।”
নতুন জীবনের জন্য সবার দোয়া ও শুভকামনা কামনা করে আমির বলেন, “এটি আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, যেন আমরা সুখী ও সুন্দর জীবন কাটাতে পারি।”
আমিরের বড় ছেলে জুনায়েদ খানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বাবার বিয়ের ঘোষণা শোনার সময় হাসিমুখে পাশে দাঁড়িয়ে ছিলেন। আমির ও গৌরীর সম্পর্কের বিষয়টি প্রথমবার প্রকাশ্যে আসে গত বছরের মার্চে, যখন আমির তার ৬০তম জন্মদিন উদযাপন করছিলেন।
এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি রিনা দত্তকে বিয়ে করেন, পরে ২০০২ সালে বিচ্ছেদ ঘটে। এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন, কিন্তু ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। গৌরী স্প্র্যাটের একটি সাত বছর বয়সী ছেলে রয়েছে।

























