গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে শক্তিশালী টাইফুন ‘বাভি’র আঘাতের প্রস্তুতি
- আপলোড সময় : ০৫:১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের দিকে দ্রুত এগিয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন 'বাভি', যা আগামী কয়েক ঘণ্টার মধ্যে আঘাত হানতে পারে। স্থানীয় বাসিন্দারা রোববার (৫ জুলাই) থেকে নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছেন এবং প্রশাসন জরুরি প্রস্তুতি জোরদার করেছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানায়, টাইফুনটির মূল আঘাত সোমবার (৬ জুলাই) ভোরে হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঝড়ের স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় প্রায় ২৬০ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতি ৩১৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
এনডব্লিউএস সতর্ক করেছে যে, টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, উপকূলীয় এলাকা প্লাবিত হওয়া এবং সর্বোচ্চ ৩৫ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে। এতে অবকাঠামো, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বাসিন্দারা ঘরবাড়ি সুরক্ষিত করতে জানালায় প্লাইউড লাগাচ্ছেন, প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ মজুত করছেন এবং অনেকেই আশ্রয়কেন্দ্র বা নিরাপদ হোটেলে চলে যাচ্ছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। গুয়ামে প্রায় ১ লাখ ৭০ হাজার এবং নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে প্রায় ৪০ হাজার মানুষের বসবাস রয়েছে।
দুর্যোগ মোকাবিলায় গুয়ামে পাঁচটি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা) আগেভাগেই সেখানে জরুরি ত্রাণসামগ্রী মজুত করেছে। বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি এবং এল নিনো পরিস্থিতির কারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়গুলো আগের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠছে।
























