বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের প্রস্তুতি চলছে
- আপলোড সময় : ১২:০২:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
বরিশালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সফর করবেন। এই সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রশাসন এবং দলের নেতাকর্মীরা সফরটি নির্বিঘ্ন ও সফল করতে প্রস্তুতি নিচ্ছেন।
সরকারের মন্ত্রী ও দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সফরকে গুরুত্ব দিয়ে কাজ করছেন। শুক্রবার (১০ জুলাই) রাত আটটায় গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি।
কর্মীসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনে যুক্ত হয়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আগামী ১৩ জুলাই গৌরনদী সফরে সরাসরি সাক্ষাতের কথা জানান। নেতাকর্মীরা তাকে সালাম ও শুভেচ্ছা জানান।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সফর সফল করার লক্ষ্যে প্রশাসন ও স্থানীয় নেতাদের সঙ্গে প্রস্তুতি ও সমন্বয় সভা করছেন। শুক্রবারের কর্মীসভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
সভায় বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, এবং অন্যান্য স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
























