হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
- আপলোড সময় : ০৭:১৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে ছড়ানো সরকারি ওষুধ এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘আমার দেশের দরিদ্র মানুষ ওষুধ পায় না, আর এখানে লক্ষ লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে আছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
মন্ত্রী বলেন, বিগত সরকারের সময় স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল। বর্তমান সরকার চিকিৎসাসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছে। ৫০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন সম্পর্কে তিনি জানান, ‘অল্প সময়ের মধ্যে হাসপাতালটিকে ১০১ শয্যায় উন্নীত করার টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।’
স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় মন্ত্রী বিভিন্ন বিভাগে ত্রুটি-বিচ্যুতি দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

























