কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার অভিযোগ, ইউক্রেনের কূটনীতিককে তলব
- আপলোড সময় : ১০:০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ উঠেছে, যাতে একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। ইরান এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে।
শনিবার (২৫ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ইউক্রেনের নেতৃত্ব হামলার বিষয়টি স্বীকার করেছে বলে ইরানের দাবি। তেহরান বলছে, এটি কিয়েভের ‘অযৌক্তিক ও বৈরী নীতির’ ধারাবাহিকতা। ইরান জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
ইরানের মতে, এ হামলা জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদের লঙ্ঘন এবং এর ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছেন, কাস্পিয়ান সাগরে দূরপাল্লার হামলায় ইউক্রেন ‘খুব শক্তিশালী ফলাফল’ অর্জন করেছে। তিনি জানান, ইরান-সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজ এবং একটি যুদ্ধজাহাজে আঘাত হানা হয়েছে।
জেলেনস্কি আরও অভিযোগ করেন, রাশিয়া উপসাগরীয় দেশগুলো এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর স্যাটেলাইট চিত্র ইরানকে সরবরাহ করছে। তিনি দাবি করেন, ১৯ ও ২০ জুলাই বাহরাইন, জর্ডান ও কুয়েতের কয়েকটি বিমানঘাঁটি পর্যবেক্ষণ করা হয়েছে।
























