আইইউবির অধ্যাপক শাহ এমরান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য নিযুক্ত
- আপলোড সময় : ১২:০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ২১৭ বার পড়া হয়েছে
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহ এমরান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) পূর্ণকালীন সদস্য নিযুক্ত হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ২৬ জুলাই বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ অনুযায়ী চার বছরের জন্য তাঁকে এই নিয়োগ দেয়।
একই আদেশে কাউন্সিলে মোট তিনজন সদস্য নিয়োগ পেয়েছেন, যাঁদের একজন অধ্যাপক এমরান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক এমরান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ও স্নাতকোত্তর এবং জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন।
এর আগে তিনি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও ইউনিক ফার্মাসিউটিক্যালসে প্রোডাকশন ফার্মাসিস্ট এবং জেসন ফার্মাসিউটিক্যালসে কোয়ালিটি অ্যাশিওরেন্স কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। তাঁর ১৭৫টির বেশি গবেষণা নিবন্ধ দেশি-বিদেশি পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশিত হয়েছে।
তিনি ১৬টি বই ও ৫টি বইয়ের অধ্যায়ের রচয়িতা। তাঁর তত্ত্বাবধানে ২৩ জন এমফার্ম, ৫ জন এমফিল ও ৬ জন পিএইচডি গবেষক গবেষণা সম্পন্ন করেছেন। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল দেশের উচ্চশিক্ষা খাতে মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশনের দায়িত্বপ্রাপ্ত একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা।
















