সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবায় নতুন আপডেট
- আপলোড সময় : ১১:০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা সংক্রান্ত নতুন তথ্য প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানিয়েছে, তথ্য যাচাই ও প্রসেসিং কার্যক্রমের কারণে পাসপোর্ট প্রদানে কিছুটা বেশি সময় লাগতে পারে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে বলা হয়, সম্প্রতি ই-পাসপোর্টের চাহিদা বৃদ্ধি পাওয়ায় গত দেড় মাসে ৬৫ হাজারের বেশি পাসপোর্টের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে। পূর্বে প্রতিমাসে গড়ে ১১ হাজার পাসপোর্টের এনরোল করা হতো।
পোস্টে উল্লেখ করা হয়, এর মধ্যে ১৫ হাজার ৪৩৪টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে, ২৫ হাজার ৪৬৭টি পাসপোর্ট প্রিন্টিং অবস্থায় রয়েছে এবং ২১ হাজার ৬৭৮টির ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের পরবর্তী কার্যক্রম চলমান। বর্তমানে দাম্মাম অঞ্চলে ৯ দিনব্যাপী ক্যাম্পে ১৫ হাজার ২০০টি পাসপোর্ট আবেদনের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করা হচ্ছে।
দূতাবাস জানায়, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের পরবর্তী কার্যক্রম চলাকালীন কিছু সেবাপ্রার্থীর আবেদনে তথ্যগত ভুল ও অন্যান্য জটিলতার কারণে পাসপোর্ট প্রদানে বিলম্ব হতে পারে। এ জন্য প্রবাসীদের ধৈর্য ধারণ করার অনুরোধ করা হয়েছে।























