বিরোধীদলীয় নেতার অর্থবছর পরিবর্তনের প্রস্তাব
- আপলোড সময় : ০৩:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
জাতীয় সংসদে দেশের বর্তমান অর্থবছর (জুলাই-জুন) পরিবর্তন করে ‘জানুয়ারি-ডিসেম্বর’ ভিত্তিক অর্থবছর চালুর প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বাজেটের ওপর আলোচনায় তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই-জুন অর্থবছর হওয়ার কারণে বছরের শেষের দিকে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তাড়াহুড়ো করে কাজ করা হয়। এর ফলে প্রথম ১০ মাসে মাত্র ৪২ শতাংশ কাজ হয়, যেখানে শেষ সময়ে বাকি কাজ করতে গিয়ে অপচয় ও লুটপাটের দুয়ার উন্মুক্ত হয়।
তিনি বাংলাদেশের অর্থবছরকে জানুয়ারি-ডিসেম্বর মেয়াদে নির্ধারণ করার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন, যা দেশের ক্ষতি কমাবে এবং কাজের গতি বাড়াবে। বিরোধীদলীয় এ নেতা মনে করিয়ে দেন যে, বাজেট সংসদে প্রণীত হলেও তা বাস্তবায়নের মূল দায়িত্ব রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও কর্মকর্তাদের ওপর, তাই জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি।
বর্তমানে বাংলাদেশে অর্থবছর চলে প্রতি বছরের ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত। ডা. শফিকুর রহমানের প্রস্তাব অনুযায়ী, এটি পরিবর্তন করে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হবে।






















