ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- আপলোড সময় : ০৪:০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে খাদিম মিয়া নামে একজন নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (২৯ জুন) রাতে কালিকচ্ছ বাজারে কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত খাদিম মিয়া ধরন্তি গ্রামের শামসুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোশাররফ মিয়া নামের এক ব্যক্তি ধরন্তী গ্রামের খাদিম মিয়া, আলাল ও আশিকের কাছে পাটি বিক্রির এক লাখ টাকা পাওনা ছিলেন। রোববার সন্ধ্যায় পাওনা টাকা ফেরত চাইতে গেলে খাদিম মিয়া টাকা দিতে বারণ করেন, যা নিয়ে উভয় গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রাতের দিকে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন তারা টর্চ লাইটের আলো জ্বালিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে একজন নিহত ও ৩০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


























