বরিশালে মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো পুলিশকে শোকজ
- আপলোড সময় : ০৯:৫৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ২২২ বার পড়া হয়েছে
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে। তিনি ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থক রাসেল হাওলাদারকে এআই প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি পাঠানোর অভিযোগে শোকজ হন।
সোমবার (২৯ জুন) রাসেলকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। আটককালে তার গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। কাউনিয়া থানা পুলিশ রাসেলের জার্সি উল্টো করে পরিয়ে ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠায়। পরে এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিটি পরিবর্তন করা হয়।
বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ জানান, বিষয়টি নজরে আসার পর তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে এবং শোকজের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মিডিয়া উইংয়ের পরিদর্শক মো. মনির হোসেন বলেন, তানজিলকে কমিশনারের দপ্তরে তলব করা হয়েছে এবং তাকে সরিয়ে দেওয়া হতে পারে।
তানজিল আহমেদ বিষয়টি 'দুষ্টুমির ছলে' করা হয়েছে বলে স্বীকার করেছেন এবং অপেশাদার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

























