ছাত্রদলের প্রতিবাদের মুখে গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান পণ্ড
- আপলোড সময় : ০৭:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাত্রদলের প্রতিবাদের কারণে বন্ধ হয়ে গেছে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াতের পর শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ৪ আগস্ট পাবনায় গুলিতে নিহত মাহবুব হাসান নিলয়ের বাবা আবুল কালাম আজাদ। এরপর শহীদ জাহিদুল ইসলামের বাবাকে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে ডাকলে ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে কনভেনশন সেন্টারে প্রবেশ করেন এবং বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষকদের সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হন। এক পর্যায়ে উপাচার্য মাইক নিয়ে তাদের আলোচনায় বসার আহ্বান জানালে তারা ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন। পরে দোয়া পরিচালনা করে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।
ছাত্রদলের নেতারা অভিযোগ করেছেন যে, অনুষ্ঠানে জুলাই আন্দোলনের ‘স্টেক হোল্ডারদের’ দাওয়াত না দেওয়ার কারণে তারা প্রতিবাদ করেছেন। সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের বাদ দিয়ে কোনো আয়োজন আমরা মেনে নিতে পারি না।’
অন্যদিকে, আলোচনা সভার আহ্বায়ক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কমিটির পক্ষ থেকে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে।’ তিনি দাবি করেন যে, রেজিস্ট্রার দপ্তর থেকে প্রতিটি বিভাগে চিঠি পাঠানো হয়েছিল।

























