বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন
- আপলোড সময় : ১১:৫৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ২০৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) শনিবার (২৭ জুন ২০২৬) বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছে। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন।
বৃক্ষরোপণ কার্যক্রমে সভাপতিত্ব করেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি গাছের পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন।
চেয়ারম্যান বলেন, বরেন্দ্র অঞ্চলে বৃক্ষরোপণ মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভূগর্ভস্থ পানির পুনর্ভরণে সহায়তা করবে। তিনি বিএমডিএ’র কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
এসময় বিএমডিএ’র অতিঃ প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ আগামী ২ বছরে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় প্রায় ৩ কোটি বৃক্ষরোপণ করবে।
























