সৌদি আরবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি নির্দেশনা
- আপলোড সময় : ০২:৫৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
সৌদি আরবে বসবাসরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন ‘কিওয়া’ প্ল্যাটফর্ম। আগামী ৩০ জুন (মঙ্গলবার) পর্যন্ত নিয়োগকর্তারা কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ পাবেন।
কিওয়া প্ল্যাটফর্ম সতর্ক করে জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে, তাদের নিয়োগকর্তার প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হবে। অর্থাৎ, কোনও কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে নবায়ন করা না হলে তাকে প্রতিষ্ঠানের তালিকা থেকে বাদ দেওয়া হবে।
কিওয়া একটি ব্যতিক্রমী নিয়ম উল্লেখ করেছে, যেখানে বলা হয়েছে, যদি কোনও কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যায় কিন্তু তার ইকামার (বাসস্থান অনুমতি) মেয়াদ এখনও ১৮০ দিন বৈধ থাকে, তবে তাকে তাৎক্ষণিক অপসারণ করা হবে না। তবে ইকামার অবশিষ্ট মেয়াদ ১৮০ দিনের কম হলে নিয়োগকর্তাকে উভয়টি নবায়ন করতে হবে।
কিওয়া আরও জানিয়েছে, যেসব প্রবাসী কর্মী তিন মাসের বেশি সময় ধরে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করছেন, তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। নিয়োগকর্তাদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশেষ আহ্বান জানানো হয়েছে।

























