দেশের বাজেট প্রণয়নে অঞ্চলের সক্ষমতা বিবেচনা: অর্থমন্ত্রীর বক্তব্য
- আপলোড সময় : ০৪:১৬:১০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
চলতি অর্থবছরের জাতীয় বাজেট দেশের বিভিন্ন অঞ্চলের সম্ভাবনা ও সক্ষমতাকে বিবেচনায় নিয়ে প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি শনিবার (৪ জুলাই) চট্টগ্রাম সফরকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রাম দেশের অন্যতম সম্ভাবনাময় অঞ্চল, যার সমুদ্রবন্দর, ভৌগোলিক অবস্থান ও কৌশলগত গুরুত্ব রয়েছে। এ কারণে সরকারের উন্নয়ন পরিকল্পনায় চট্টগ্রামকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, কর্ণফুলী নদীর ওপারে ৬০০ একর জমিতে একটি ফ্রি জোন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং চট্টগ্রামে একাধিক বন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে কার্গো ও যাত্রী পরিবহনের আঞ্চলিক হাবে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসাম অংশের উন্নয়নকাজ শেষ হলে ট্রেনে যাতায়াতের সময় প্রায় দুই ঘণ্টা কমে আসবে, যা চট্টগ্রামভিত্তিক অর্থনৈতিক করিডরকে আরও শক্তিশালী করবে।
অর্থমন্ত্রী দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, যার ওপর মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিরও প্রভাব পড়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকারের তৃতীয় ও চতুর্থ বছরে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে এবং বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যের দিকে এগিয়ে যাবে।






















