আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা: অর্থমন্ত্রী
- আপলোড সময় : ০৭:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের শর্তে ঋণ গ্রহণ জনগণের স্বার্থের পরিপন্থী ছিল, তাই বর্তমান সরকার নতুন ঋণ কর্মসূচির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরের শেষে সরকারের মোট ঋণের পরিমাণ ২১ লাখ ৪৬ হাজার ৩৪ কোটি টাকা, যা জিডিপির ৩৮.৬১ শতাংশ। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ১১ লাখ ৯৪ হাজার ৮৫৩ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ৯ লাখ ৪৯ হাজার ১৮১ কোটি টাকা।
তিনি জানান, পূর্ববর্তী সরকারের ঋণের সুদ পরিশোধে অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে, তবে সরকার আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে পদক্ষেপ গ্রহণ করছে। অর্থ পাচার প্রসঙ্গে তিনি বলেন, জনগণের অর্থ লুটের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং ১১টি মামলায় ৭২ হাজার ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে।
অর্থমন্ত্রী শেয়ারবাজারের উন্নয়নে সংস্কার কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, অভিজ্ঞ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন বাংলাদেশে আরও এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। ব্যাংক খাতের বিষয়ে তিনি জানান, সরকার ভবিষ্যতে ব্যাংকঋণের ওপর নির্ভরতা কমাবে।
জ্বালানি নিরাপত্তা জোরদারের উদ্যোগ হিসেবে নতুন এলএনজি টার্মিনাল ও দ্বিতীয় তেল শোধনাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে, যা অনিয়ম ও দুর্নীতি কমাতে সহায়ক হবে।
























