ধর্মের নামে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সতর্কতা প্রকাশ করলেন মির্জা ফখরুল
- আপলোড সময় : ০৯:২২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা চলছে। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মের অনুসারী হলেও, দেশের সকল ধর্মের মানুষের সমান গুরুত্ব রয়েছে।
বুধবার (২২ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশন’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি ও জামায়াতকে সুবিধা দেওয়ার সুযোগ নেই এবং জনগণের ভালোবাসা দিয়ে নির্বাচিত হতে হবে।
তিনি বলেন, সরকার সীমিত সম্পদ দিয়ে বিশাল জনগণের চাহিদা পূরণের চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন এবং এ বছরের মধ্যে ৪১ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।
মির্জা ফখরুল আরও বলেন, ধর্মীয় বিভাজনের রাজনীতি গ্রহণযোগ্য নয়। তিনি উল্লেখ করেন, “আমাদের মধ্যে নতুন বিভাজনের রাজনীতি করার চেষ্টা হচ্ছে। ধর্মের নামে বিভাজনের চেষ্টা চলছে।” তিনি সকল ধর্মের প্রতি সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে এবং চেয়ারম্যান-মেম্বরদের ভাতার সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হবে।
























