১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের
- আপলোড সময় : ১২:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২২৩ বার পড়া হয়েছে
সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ১০০০ টাকা ও ৫০০ টাকার নোট বাতিল করার দাবি জানিয়েছেন। রোববার (২৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় তিনি এ দাবি করেন।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজদের জমানো অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফেরাতে এবং কালো টাকার উৎস বন্ধ করার জন্য এই প্রস্তাব করা হয়েছে। দেশের ব্যাংকের সংখ্যা কমানোরও আহ্বান জানান তিনি।
মাহবুব উদ্দিন খোকন উল্লেখ করেন, অনেক মানুষ ব্যাংকে না রেখে ঘরে নগদ অর্থ সংরক্ষণ করছেন। ১,০০০ ও ৫০০ টাকার নোট এক থেকে দুই মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিলে সেই অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে।
তিনি আরও বলেন, যাদের টাকার বৈধ উৎস দেখানোর সুযোগ নেই, তারা নির্দিষ্ট হারে কর দিয়ে অর্থ বৈধ করতে পারবেন। এতে বিপুল পরিমাণ অর্থ ব্যাংকে ফিরে আসবে এবং অর্থনীতিতে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে।
মাহবুব উদ্দিন খোকন ২০১৬ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক ৫০০ ও ১,০০০ রুপির নোট বাতিলের উদ্যোগের সঙ্গে তার প্রস্তাবের মিল তুলে ধরেন।

























