প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পারসো পরিদর্শন
- আপলোড সময় : ১২:৩৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসোর কার্যালয়ে পৌঁছান, যা পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে ছিল।
প্রধানমন্ত্রী স্পারসোর প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন। স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এ সময় স্পারসোর কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। প্রধানমন্ত্রী স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশ দেন, যা জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে নিয়োজিত জাতীয় প্রতিষ্ঠান।

























