লাগামহীন লুটপাট ও অর্থপাচারের বিরুদ্ধে সরকারের অবস্থান: জোনায়েদ সাকি
- আপলোড সময় : ০১:৫৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২১৭ বার পড়া হয়েছে
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, অতীতে সরকারি অর্থ ব্যয়ে যে লাগামহীন লুটপাট ও অর্থপাচার হয়েছে, তার বিরুদ্ধে বর্তমান সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। রবিবার (২৮ জুন) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সিটা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিটি প্রকল্পের আওতায় পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), কেন্দ্রীয় ক্রয় কারিগরি ইউনিট, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের কার্যক্রমকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করা হবে। জোনায়েদ সাকি বলেন, রাজস্ব আহরণ বাড়াতে করব্যবস্থাকে আরো স্বচ্ছ ও কার্যকর করতে হবে।
তিনি জানান, সরকারি ব্যয় ব্যবস্থাপনায় জবাবদিহি প্রতিষ্ঠা এবং জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে নিরীক্ষাব্যবস্থাকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। সিটা প্রকল্প সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরকারি ক্রয়ব্যবস্থার স্বচ্ছতা বাড়াতে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থার সম্প্রসারণ অব্যাহত রয়েছে। জোনায়েদ সাকি বলেন, পরিকল্পনা বিভাগ একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থা গড়ে তুলবে, যা তথ্য আদান-প্রদান সহজ করবে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দ্রুত করবে।
অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের সচিব এস এম শাকিল আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























