বিরামপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ শুরু
- আপলোড সময় : ০৭:০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২০৮ বার পড়া হয়েছে
দিনাজপুরের বিরামপুরে শিশুদের অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধ এবং সুস্থ বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
উদ্বোধনের পর তিনি বিভিন্ন কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার সেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শাহারিয়ার পারভেজ এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তাহিরুল ইসলাম। কর্মকর্তারা স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং অভিভাবকদের নির্ধারিত বয়সী শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে বিরামপুর উপজেলায় ১৩ হাজার ১১০ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১ হাজার ৪৪০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ১১ হাজার ৬৭০ জন শিশু রয়েছে।
এ কর্মসূচি বাস্তবায়নে উপজেলার ৭টি ইউনিয়নে ১৬৮টি কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি অতিরিক্ত কেন্দ্রসহ মোট ১৬৯টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন ৩৩৮ জন স্বেচ্ছাসেবী ও ২১ জন প্রথম সারির সুপারভাইজার। বিরামপুর পৌরসভায় ৪ হাজার ৪০০ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অভিভাবকের প্রতি নির্ধারিত বয়সী শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে।

























