জামায়াতের আমিরের সংসদে ঐক্যের আহ্বান
- আপলোড সময় : ০৫:২৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
জাতীয় সংসদে জামায়াতে ইসলামীকে নিয়ে সরকারি দলের এমপিদের সমালোচনার জবাব দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, "একটা টেনডেনসি আমি লক্ষ করেছি, প্রায় সকল বক্তা কুচি কুচি করে কাটার পরে বলেন, আসেন ঐক্যবদ্ধভাবে আমরা দেশটা চালাই।" তিনি সংসদে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে শফিকুর রহমান বলেন, "সীমাহীন ত্যাগের মধ্য দিয়ে আজকের এই পার্লামেন্ট গঠিত হয়েছে।" তিনি আশা প্রকাশ করেন যে, এই সংসদ মজলুম দেশবাসীকে আহত করবে না এবং জাতিকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
সংসদের সরকারি ও বিরোধী দলের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, "এই সংসদেরও দুইটা টায়ার।" তিনি সতর্ক করেন যে, যদি কোনো টায়ার অকেজো হয়ে যায়, পুরো যানবাহন অকেজো হয়ে যাবে।
শফিকুর রহমান অতীতের সংসদ রীতির সমালোচনা করে বলেন, "এটা তোষামদের জায়গা নয়, এটা দায়িত্ব পালনের জায়গা।" তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, জেনারেল এম এ জি ওসমানী, আ স ম আবদুর রবসহ সব শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান।






















