এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু বৃহস্পতিবার, ১২ লাখ ৬৭ হাজার শিক্ষার্থী অংশ নেবে
- আপলোড সময় : ০৪:১৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিন দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
সব বোর্ডে পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন, যাদের জন্য দেশের দুই হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
ঢাকা বোর্ডে ৩১০টি কেন্দ্রে তিন লাখ ৩৯৩ জন, রাজশাহী বোর্ডে ২০৮টি কেন্দ্রে এক লাখ ৪০ হাজার ৮৩০ জন, দিনাজপুরে ২১২টি কেন্দ্রে এক লাখ ১৩ হাজার ৪৭৯ জন এবং যশোর বোর্ডে ২৪০টি কেন্দ্রে এক লাখ ১৭ হাজার ২১০ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলো কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা ও ডিজিটাল নজরদারির জন্য বিস্তারিত নির্দেশনা দিয়েছে। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক নিয়োগ করা হবে এবং কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চালু রাখতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার সার্বিক সমন্বয় ও জরুরি যোগাযোগের জন্য বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ০২-২২৩৩৬৯৮১৫। এছাড়া যোগাযোগের জন্য ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ ও ০১৭৫৬১০৩১৫২ নম্বর নির্ধারণ করা হয়েছে।

























