বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি ভারতীয় রেলকোচ প্রস্তুত
- আপলোড সময় : ০২:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
বাংলাদেশে আসার জন্য ২০টি ভারতীয় রেলকোচ প্রস্তুত রয়েছে। চলতি জুলাই মাসেই কোচগুলো বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন ভারতীয় রেল বিভাগের কর্মকর্তারা।
২০২৪ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের রেল বিভাগের অধীন রপ্তানি সংস্থা রাইটসের একটি চুক্তি হয়, যার আওতায় বাংলাদেশে মোট ২০০ রেলকোচ রপ্তানি করবে ভারত। এর মধ্যে ১২০টি ব্রডগেজ যাত্রী কোচ, ৩৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ অন্তর্ভুক্ত রয়েছে।
চুক্তির শর্ত অনুযায়ী, ২০০ কোচের জন্য বাংলাদেশ ৯১৫ কোটি রুপি প্রদান করবে। এই প্রকল্পে অর্থ সহায়তা দিয়েছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)।
ভারতের কেন্দ্রীয় রেল দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইকোনমিক টাইমসকে জানান, "প্রথম চালান হিসেবে জুলাই মাসে ২০টি ব্রডগেজ কোচ বাংলাদেশে পাঠানোর জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরবর্তী চালানগুলো আগামী ৩৬ মাসে পর্যায়ক্রমে পাঠানো হবে।"
প্রথম চালানের ২০টি কোচ পাঞ্জাবের কাপুরথালা এলাকায় অবস্থিত রেল কোচ কারখানায় তৈরি করা হয়েছে। প্রতিটি কোচের ওয়ারেন্টির মেয়াদ ১৪ বছর হবে।
























