গাইবান্ধার গোবিন্দগঞ্জে রিকশাচালককে মারধরের ঘটনায় যাত্রীর মৃত্যু
- আপলোড সময় : ০১:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক রিকশাচালককে মারধর করার সময় বাধা দেওয়ায় যাত্রী জহুরুল প্রধান (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত এরশাদ আলীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, ৩ জুলাই সকালে।
জহুরুল প্রধান উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চক গোবিন্দপুর চরপাড়া গ্রামের মৃত খালেক প্রধানের ছেলে এবং পেশায় গ্রিল মিস্ত্রি ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি একটি অটোরিকশায় কাটামোড় যাচ্ছিলেন। সেখানে চালক হর্ণ বাজানোর পর স্থানীয় বাসিন্দা এরশাদ আলীসহ কয়েকজন চালককে মারধর শুরু করেন।
জহুরুল প্রধান চালককে বাঁচাতে এগিয়ে গেলে এরশাদ আলী তাকে সজোরে ঘুষি মারেন, যার ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন, যেখানে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি স্বপন কুমার সরকার জানিয়েছেন, আটক এরশাদ আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

























