এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির ৪ সদস্যের কমিটি গঠন
- আপলোড সময় : ০৮:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ২০৬ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে।
রোববার (২ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী)। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন উপ-পরিচালক (নিবন্ধন ও প্রবাসী সেবা শাখা), সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট) এবং সদস্য সচিব হিসেবে সহকারী পরিচালক (সংশোধন ও প্রতিস্থাপন)।
কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে চাহিত পরিবর্তনের ধরন শ্রেণিকরণ এবং নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় প্রমাণক দলিলের তালিকা প্রস্তুত করা। এছাড়া, আবেদন নিষ্পত্তির জন্য করণীয় বিষয়ে সুপারিশ প্রদান করা হবে।
কমিটি ইলেকট্রনিকালি অ্যাকশন নেওয়ার সময় উদ্ভূত জটিলতা নিরসনে সিএমএস পোর্টালে প্রয়োজনীয় মডিফিকেশন সম্পর্কেও মতামত প্রদান করবে। এনআইডি লক-আনলক এবং রোলব্যাক-এর জাস্টিফিকেশন বিষয়ে সুপারিশও করা হবে।























