নীলফামারীতে সহকারী প্রসিকিউটরের পদত্যাগ, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে উদ্বেগ
- আপলোড সময় : ০৪:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ২০৬ বার পড়া হয়েছে
নীলফামারীর সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আবু সুফিয়ান পদত্যাগ করেছেন। তিনি জেলা প্রশাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত, বিচার বিভাগের স্বাধীনতা এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মৌলিক মতপার্থক্যের কথা উল্লেখ করেছেন।
রোববার (৩ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি জানান, সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে জনগণের সেবা করা তাঁর জন্য গর্বের বিষয় ছিল। তবে সাম্প্রতিক ঘটনাবলীর কারণে তিনি আর এ দায়িত্বে থাকতে চান না।
পদত্যাগপত্রে অ্যাডভোকেট আবু সুফিয়ান অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতা তাঁকে হতাশ করেছে। তিনি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার অগ্রগতি না হওয়া এবং সরকারের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ-সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্তের সমালোচনা করে দাবি করেন, এতে বিচার বিভাগের স্বাধীনতা ও সাংবিধানিক শাসনব্যবস্থা নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে।
চিঠিতে তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত বিবেকের তাড়নায় সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তিনি পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্রটি অবিলম্বে কার্যকর করার অনুরোধ জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে এ ঘটনার পর জেলা আইনজীবী মহল ও সংশ্লিষ্ট অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
























