লেবানন-ইসরায়েল সম্পর্কের নতুন সমঝোতা ঘোষণা
- আপলোড সময় : ০১:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ২০৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর লেবানন ও ইসরায়েল একটি সমঝোতার কাঠামোয় পৌঁছেছে। শুক্রবার (২৬ জুন) ওয়াশিংটনে এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যিনি এই অগ্রগতিকে ‘শুরুরও শুরু’ বলে উল্লেখ করেন। তবে তিনি সতর্ক করে বলেন, স্থায়ী সমাধানে পৌঁছাতে এখনো দীর্ঘ পথ বাকি।
রুবিও জানান, এই কাঠামোগত সমঝোতাকে কার্যকর ও দীর্ঘস্থায়ী ব্যবস্থায় রূপ দিতে উভয় পক্ষের অনেক কাজ বাকি রয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সমঝোতার আওতায় দক্ষিণ লেবাননের দুটি নির্দিষ্ট এলাকা থেকে সীমিত পরিসরে সেনা প্রত্যাহার শুরু করবে ইসরায়েল, যেখানে লেবাননের সেনাবাহিনী মোতায়েন হবে।
সমঝোতায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক সেনা প্রত্যাহারের কথা উল্লেখ নেই; বরং নির্দিষ্ট কয়েকটি স্থানে পরীক্ষামূলকভাবে এই প্রক্রিয়া শুরু হবে। ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সম্ভাব্য নতুন হুমকির জবাব দেওয়ার স্বাধীনতা ইসরায়েলের থাকবে।
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া সাম্প্রতিক কাঠামোগত চুক্তিটি ইরানের জন্য একটি বড় ধাক্কা। তিনি জানান, যতক্ষণ পর্যন্ত লেবনন হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ না করবে, ততক্ষণ পর্যন্ত দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অবস্থান অব্যাহত থাকবে।

























