কুমিল্লায় গুলিবিদ্ধ স্কুলছাত্রকে দেখতে ঢামেকে এমপি মনিরুল
- আপলোড সময় : ০৮:৫৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রোববার (২৮ জুন) দুপুরে তিনি হাসপাতালে গিয়ে প্রেমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, হাসপাতালের রেজিস্ট্রার ডা. শামিম আহমেদ, নিউরোলজি বিভাগের প্রধান ডা. মশিউর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা। এমপি মনিরুল হক চৌধুরী প্রেমের চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত করার ব্যবস্থা করেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মাদক শুধু কুমিল্লার নয়; এটি সারা দেশের একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, পুলিশের ডিআইজি ও কুমিল্লার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। কুমিল্লার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে দ্রুত মাদকের আখড়া উচ্ছেদ এবং মাদককারবারিদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
মনিরুল হক চৌধুরী জানান, সম্প্রতি সদর দক্ষিণের লালমতিতে মাদককারবারি মিলনকে স্থানীয় জনগণ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। কাটাবিল এলাকাতেও অভিযান চলছে এবং অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার ও নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। তিনি বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতাও প্রয়োজন।

























