ন্যাশনাল ব্যাংকের এমডি আদিল চৌধুরীর পদত্যাগ
- আপলোড সময় : ০১:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদিল চৌধুরী পদত্যাগ করেছেন। তিনি চলতি সপ্তাহের শুরুতে ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন। ব্যাংকটির তীব্র আর্থিক সংকট, উচ্চ খেলাপি ঋণ এবং ধারাবাহিক লোকসানের কারণে এই পদত্যাগ ঘটে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে আদিল চৌধুরী আর নিয়মিত ব্যাংকে যাচ্ছেন না বলে ন্যাশনাল ব্যাংক সূত্রে জানা গেছে। তিনি ২০২২ সালের ৭ জুলাই তিন বছরের জন্য ন্যাশনাল ব্যাংকে যোগ দেন। এর আগে মো. তৌহিদুল আলম খান এমডি হিসেবে দায়িত্ব পালন করেন, যিনি মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেছিলেন।
আদিল চৌধুরী ন্যাশনাল ব্যাংকে আসার আগে ‘ব্যাংক এশিয়া’র প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার পদত্যাগের সময় ন্যাশনাল ব্যাংক উচ্চ খেলাপি ঋণ, ধারাবাহিক লোকসান ও আমানত প্রত্যাহারের চাপে রয়েছে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংককে ঢাকার পান্থপথে নির্মীয়মান ‘টুইন টাওয়ার’ ভবন ইজারা দেওয়ার অনুমতি দিয়েছে। ২০২২ সাল থেকে ব্যাংকটি প্রতিবছর লোকসান গুনছে, যার পরিমাণ প্রায় ৮ হাজার ৯০০ কোটি টাকায় পৌঁছেছে।
আওয়ামী লীগ সরকারের সময় সিকদার গ্রুপ ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণে ছিল, তবে ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর গ্রুপটি ব্যাংকটির ওপর নিয়ন্ত্রণ হারায়। বর্তমানে ব্যাংকের পরিচালনায় মাল্টিমোড গ্রুপ, হোসাফ গ্রুপ ও আর্মানা গ্রুপের সদস্যরা যুক্ত হয়েছেন।
























