অভিনয় ছেড়ে ব্যবসায় মনোযোগী পেরিজাদ জোরাবিয়ান
- আপলোড সময় : ১০:২২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পেরিজাদ জোরাবিয়ান অভিনয় ছাড়ার পর এখন একজন সফল ব্যবসায়ী। সত্তরের দশকের শুরুতে মুম্বাইয়ের ইরানি জোরোঅ্যাস্ট্রিয়ান পরিবারে জন্মগ্রহণ করা পেরিজাদ ছোটবেলা থেকেই ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখতেন। ভারতে পড়াশোনা শেষে এমবিএ ডিগ্রি নিতে নিউ ইয়র্কে যান এবং সেখানকার লি স্ট্র্যাসবার্গ থিয়েটার থেকে অভিনয়ে প্রশিক্ষণ নেন।
২০০১ সালে ‘বলিউড কলিং’ সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ করেন পেরিজাদ। ‘জগার্স পার্ক’, ‘মর্নিং রাগা’, ‘মুম্বাই ম্যাটিনি’, ‘এক আজনবী’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন। বিশেষ করে ‘এক আজনবী’ সিনেমায় অমিতাভ বচ্চনের সঙ্গে তার অভিনয় প্রশংসিত হয়।
২০০৬ সালে ব্যবসায়ী বোমান ইরানিকে বিয়ে করার পর পেরিজাদের জীবনযাত্রা পরিবর্তিত হয়। পরিবার এবং মাতৃত্বকে প্রাধান্য দিতে শুরু করেন, যার ফলে ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ সিনেমার কাজ ছাড়তে বাধ্য হন। এরপর ধীরে ধীরে চলচ্চিত্র থেকে সরে গিয়ে পারিবারিক ব্যবসা জোরাবিয়ান চিকেনে মনোযোগ দেন।
বর্তমানে পেরিজাদ জোরাবিয়ান চিকেনের ব্যবসা পরিচালনা করছেন। তিনি ব্র্যান্ডিং উন্নয়ন, খুচরা বাজার সম্প্রসারণ এবং রেডি-টু-কুক পণ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ৭০০ জন কর্মী কাজ করছেন এবং বার্ষিক টার্নওভার প্রায় ১২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৫৬ কোটি টাকার বেশি) বলে জানা যায়।


























