রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, মোদি সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ
- আপলোড সময় : ০২:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় নির্মিত রাম মন্দিরে কোটি কোটি টাকার অনুদান আত্মসাতের অভিযোগ উঠেছে। এই কেলেঙ্কারির ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার রাজনৈতিক অস্বস্তিতে পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এই মন্দিরের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। মাসের শুরুতে ট্রাস্টের সাবেক পরিদর্শক মহিপাল সিং মন্দিরের আর্থিক তহবিলের অনিয়মের বিষয়টি প্রকাশ করেন। এরপর সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব দাবি করেন, ভক্তদের দেওয়া কোটি কোটি রুপির অনুদান ও মূল্যবান সামগ্রী গায়েব হয়েছে।
এই পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তর প্রদেশ সরকার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। রাজ্য পুলিশ আটজন কর্মীকে গ্রেপ্তার করেছে, যারা নগদ টাকা ও উপহার সামগ্রী গণনার দায়িত্বে ছিলেন। এ ঘটনায় ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়সহ কয়েকজন ট্রাস্টি পদত্যাগ করেছেন।
অর্থ আত্মসাতের খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ সনাতন ধর্মাবলম্বী ও দাতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অযোধ্যার বাসিন্দা ব্রজেশ কুমার বলেন, ‘ট্রাস্টের কর্মকর্তারা আমাদের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।’ রাম মন্দির আন্দোলনের নেতা সন্তোষ দুবে এই দুর্নীতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ধূর্ত ও লোভী চোররা এখন এই মন্দির পরিচালনা করছে।’
রাজনৈতিক বিশ্লেষক রশীদ কিদওয়াইয়ের মতে, এই দুর্নীতি আসন্ন উত্তর প্রদেশ নির্বাচনে বিজেপির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। আগামী বছরের শুরুতে এই রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, ফলে মোদি সরকারকে ধর্মীয় আবেগকে পুঁজি করে রাজনীতি করার চড়া মূল্য দিতে হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


























