ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপ রিজওয়ানার চার্জ গঠন শুনানি পেছাল
- আপলোড সময় : ০১:১৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
রাজধানীর গুলশান-২ এলাকায় ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত।
রোববার (২৮ জুন) সকালে শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই তারিখ ধার্য করেন। দুদকের পক্ষের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামি মোশারফ হোসেনের পক্ষ থেকে চার্জ গঠন বিষয়ে শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করা হয়। এর আগে, গত ৮ এপ্রিল মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার বিশেষ জজ-৫ এ বদলির নির্দেশ দেন বিচারক মো. সাব্বির ফয়েজ।
গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ ও মোশারফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অভিযোগে বলা হয়, তারা অবৈধ সুবিধা নিয়ে গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট দখল করেন ও পরে রেজিস্ট্রি করান।
মামলার পর চলতি বছরের জুলাইয়ে আসামি শাহ খসরুজ্জামান তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন, যা তিন মাসের জন্য স্থগিত করা হয়। গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে দুদক টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও মোশারফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।


























