সাতক্ষীরার কৃষিতে লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ, টেকসই খাদ্য ব্যবস্থার দাবি
- আপলোড সময় : ০৬:২৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
উপকূলীয় জেলা সাতক্ষীরায় লবণাক্ততা বাড়ছে, যা কৃষিজমি, নিরাপদ পানির উৎস এবং খাদ্য উৎপাদনে মারাত্মক ঝুঁকি তৈরি করছে। জলবায়ু পরিবর্তনের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এ অবস্থায় পরিবেশবান্ধব কৃষি ও নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়ার আহ্বান জানিয়েছেন কৃষিবিদ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
রোববার (২৮ জুন) সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) আয়োজিত নাগরিক সংলাপে বক্তারা এ আহ্বান জানান। গ্রীন কোয়ালিশনের সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম।
বক্তারা বলেন, লবণাক্ততার কারণে কৃষকদের চাষাবাদে পরিবর্তন আনতে হচ্ছে এবং বহু মানুষ নিরাপদ পানির সংকটে ভুগছেন। কৃষিকাজে নারীদের ভূমিকা থাকলেও তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন করা হয় না। কৃষিতে নারীর অধিকার ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।
বারসিকের আঞ্চলিক সমন্বয়ক মো. শাহিন ইসলাম উপকূলীয় অঞ্চলের খাদ্য ব্যবস্থা ও এগ্রোইকোলজির বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে। স্থানীয় বীজ সংরক্ষণ ও রাসায়নিকের ব্যবহার কমিয়ে কৃষক ও পরিবেশ উভয়কে সুরক্ষা দেওয়া সম্ভব।
সংলাপে সাতক্ষীরা সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার, নাগরিক নেতা কল্যাণ ব্যানার্জি, আলী নুর খান বাবুল, এম. কামরুজ্জামান, গ্রীন কোয়ালিশনের যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সভাপতি ইব্রাহিম খলিলসহ আরও অনেকে বক্তব্য দেন।

























