পৌরকর মেলায় ১৫ শতাংশ ছাড় পাচ্ছেন বাগেরহাটের নাগরিকরা
- আপলোড সময় : ০৮:৩৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
বাগেরহাট পৌরসভা সাড়ে চার কোটি টাকার বকেয়া পৌরকর আদায় করতে তিনদিনের পৌরকর মেলার আয়োজন করেছে। রোববার বেলা এগারোটায় পৌরসভার প্রশাসক মো. মেজবাহ উদ্দীন মেলার উদ্বোধন করেন। মেলা চলাকালীন সময়ের মধ্যে পৌরকর পরিশোধ করলে নাগরিকরা ১৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
মেলা প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে এবং আগামী ৩০ জুন শেষ হবে। পৌর কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগ নাগরিক সেবা বাড়াতে এবং বকেয়া পৌরকর আদায় করতে সহায়ক হবে।
পৌরসভার বাসিন্দা মাহবুবুল আলম কাজল জানান, তিনি মেলায় এসে ১০ শতাংশ ছাড়ে পৌরকর পরিশোধ করেছেন এবং এ ধরনের উদ্যোগে খুশি।
পৌরসভার প্রশাসক মো. মেজবাহ উদ্দীন বলেন, পৌরসভার প্রায় দশ হাজার হোল্ডিং রয়েছে, যাদের মধ্যে বকেয়া ছিল সাত কোটি ১৩ লাখ টাকা। এর মধ্যে ২ কোটি ৫৫ লাখ টাকা আদায় হয়েছে। বকেয়া আদায় না হলে নাগরিক সুবিধা দিতে সমস্যা হবে। পুরানো বকেয়া নিয়ে নোটিশ দেওয়া হয়েছে এবং শুনানি করে ১৫ শতাংশ পর্যন্ত কর মওকুফের ব্যবস্থা করা হবে।

























