কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে আটক এক ব্যক্তি
- আপলোড সময় : ০৯:০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে প্রশান্ত কুমার দাস (৪৮) নামে এক সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি কালীগঞ্জ শহরের কলেজপাড়া এলাকার মৃত ননী গোপাল দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৮ জুন) দুপুর ১২টার দিকে কলেজ রোডে সুবোধ দেবনাথের তন্ময় স্টোরে কয়েকজন ব্যক্তি চা পান করছিলেন। এ সময় ইসলাম ধর্ম নিয়ে প্রশান্ত কুমার দাস আপত্তিকর মন্তব্য করেন। এতে উপস্থিত মুসলিমদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শী এরশাদ ও আরিফ হোসেন জানান, তারা চায়ের দোকানে বসে ছিলেন যখন প্রশান্ত ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেন। প্রতিবাদ জানালে তিনি চলে যান। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুজ্জামান বলেন, ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ পাওয়ার পর প্রশান্ত কুমার দাসকে থানায় আনা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

























