বরিশালে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
- আপলোড সময় : ০৭:২২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২১৭ বার পড়া হয়েছে
বরিশালে অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বকেয়া মজুরি, সার্ভিস বেনিফিট নিশ্চিতকরণ এবং চাকরির নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশ করেছেন। রবিবার (২৮ জুন) সকাল ১০টায় কারখানার গ্যাস টার্বাইন এলাকা থেকে বিক্ষোভ শুরু হয়ে রূপাতলী গোলচত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে তিন শতাধিক শ্রমিক-কর্মচারী সমাবেশে অংশ নেন।
বিক্ষোভে শ্রমিকরা অবিলম্বে দুই মাসের বকেয়া মজুরি, ওভারটাইম, নাইট বিল, সার্ভিস বেনিফিট পরিশোধ এবং চাকরির নিশ্চয়তা দাবি করেন। তাদের হাতে থাকা ব্যানার ও ফেস্টুনে এসব দাবির প্রতিফলন দেখা যায়। অলিম্পিক সিমেন্ট শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম সর্দার সমাবেশে সভাপতিত্ব করেন।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বাসদ জেলা সদস্য গাজী মো. বেল্লাল হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক খুকুমনি, মেডিমেট ফার্মাসিউটিক্যালস শ্রমিক ইউনিয়নের সভাপতি সোনিয়া আক্তার, অলিম্পিক সিমেন্ট শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. পাভেল হাওলাদার এবং গ্লোবাল ক্যাপসুল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত।
বক্তারা বলেন, কারখানা বন্ধের নোটিশ জারির পর শ্রমিকরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দুই মাসের বকেয়া পাওনা পরিশোধ না হওয়ায় অনেক শ্রমিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। তারা জানান, ৩০ জুন জেলা প্রশাসকের উদ্যোগে অনুষ্ঠিতব্য ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিকদের সব দাবি বাস্তবায়নে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে, নাহলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৩০ জুনের বৈঠকে বকেয়া পাওনা পরিশোধ ও চাকরির নিরাপত্তা নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। প্রয়োজনে জেলার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের সঙ্গে নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।


























