টেকনাফে ছাত্রদলের নেতৃত্বে মাদক কারবারীদের প্রবেশ, উদ্বেগ বাড়ছে
- আপলোড সময় : ১১:২৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সরকারের পতনের পর মাদক কারবারীদের নতুন উত্থান ঘটেছে। অভিযোগ উঠেছে, মাদক সম্রাজ্য রক্ষায় ছাত্রদলের উপজেলা সভাপতির পদে আসীন হতে মরিয়া হয়ে উঠেছেন আবু হুরাইরা শামীম উরুফে শামীম চাকলাদার। সংগঠনের ত্যাগী নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং মাদক কারবারীদের হাতে দলের গুরুত্বপূর্ণ পদ চলে যাওয়ায় সমালোচনা বৃদ্ধি পাচ্ছে।
শামীম, হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ হোসাইনের ছেলে, ২০১৮ সালে পুলিশি অভিযানে মাদক কারবারীদের সঙ্গে মিলিত হয়ে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগে অভিযুক্ত। তার বড় ভাই আবু তালহা ফাহিম একজন চিহ্নিত শীর্ষ ইয়াবা কারবারী, যার বিরুদ্ধে কক্সবাজার সদর ও লোহাগাড়া থানায় মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামীমের বিলাসী জীবনযাপন এবং রাজনৈতিক পদে আসীন হওয়ার জন্য অর্থের যোগান তার ভাইয়ের মাদক ব্যবসা থেকে আসে। অভিযোগ রয়েছে, শামীম কক্সবাজার জেলা বিএনপির শীর্ষ নেতাদের অর্থের বিনিময়ে ম্যানেজ করেছেন এবং স্থানীয় ছাত্রদলের নেতাদের নজরে আসার জন্য নির্বাচনে অর্থ ব্যয় করেছেন।
কেন্দ্রীয় ছাত্র দলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শ্যামল মালুম জানিয়েছেন, মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের কমিটিতে না রাখার কঠোর নির্দেশ রয়েছে। কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি।
শামীম তার বিরুদ্ধে অভিযোগগুলোকে মিথ্যা দাবি করে বলেন, "একটি পক্ষ আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে।" স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের রাজনীতিতে প্রবেশ উদ্বেগজনক এবং এটি রাজনৈতিক নেতাদের প্রতি মানুষের আস্থা হারানোর কারণ হতে পারে।


























