চিকিৎসা শেষে দীপু মনিকে ফের কারাগারে পাঠানো হলো
- আপলোড সময় : ০৩:০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত জটিলতায় আক্রান্ত সাবেক মন্ত্রী দীপু মনি (৬৪) চিকিৎসা শেষে পুনরায় মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরে গেছেন। প্রথমে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
সোমবার (২৯ জুন) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর সকাল সাড়ে ৮টার দিকে দীপু মনিকে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফজলুল হক জানান, দীপু মনির শারীরিক অবস্থার অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতা আত্মগোপনে চলে যান এবং সাবেক মন্ত্রী দীপু মনিসহ অনেককে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।


























