ঠাকুরগাঁওয়ে একসঙ্গে নিখোঁজ চার স্কুলছাত্রী, পরিবারের উদ্বেগ বাড়ছে
- আপলোড সময় : ০৫:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই দিনে এক স্কুলের চার শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, তারা প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় চার কিশোরীর পরিবার ও স্বজনদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ ছাত্রীরা হলো, উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতি খুশি (১৭), বাংঠু দেবনাথের মেয়ে মলিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)। খুশি, মলিকা ও ঋতু দেবনাথ সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এবং সুজতি দেবনাথ অষ্টম শ্রেণির ছাত্রী।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (৩১ জুন) ভোর ৬টার দিকে চারজন একসঙ্গে প্রাইভেট পড়তে বের হয়। এরপর রাত পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। স্কুল ও প্রাইভেটের শিক্ষকরা জানান, তারা সেখানে যাননি। পরে রাত সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করা হয়।
বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম জানান, নিখোঁজ ছাত্রীর পরিবার থানায় এসে সাধারণ ডায়েরি করেছে। পুলিশ তাদের খোঁজ শুরু করেছে। পরিবারের সদস্যরা মেয়েদের নিরাপদ ফেরার জন্য উদ্বিগ্ন।
























